ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনের ফলাফল নিয়ে অনিয়মের অভিযোগ তুলে তা চ্যালেঞ্জ করেছেন বিএনপির প্রার্থী আমিনুল হক।
ফলাফল বাতিল এবং ভোট পুনর্গণনার দাবিতে তিনি হাইকোর্টে আবেদন করেছেন।
চারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আমিনুল হক এই আইনি পদক্ষেপ নিয়েছেন।
এর আগে একই ধরনের অভিযোগে ঢাকা-৬ ও ঢাকা-৭, রাজশাহী-১ ও রাজশাহী-৪, পাবনা-৪ এবং রংপুর-৪ ও রংপুর-৬সহ দেশের বিভিন্ন আসনের একাধিক প্রার্থী হাইকোর্টে আবেদন করেছেন।
এসব আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট আসনের ব্যালট পেপারসহ নির্বাচনী নথিপত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছে আদালত।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়ম সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠনের বিধান রয়েছে। সেই বিধান অনুযায়ী প্রধান বিচারপতি একটি একক বেঞ্চ গঠন করেছেন।
হাইকোর্টের কার্যতালিকা অনুযায়ী, ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (২০০১ সালে সংশোধিত) অনুসারে দায়ের হওয়া এসব আবেদনের শুনানি, রুল জারি এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া এই বেঞ্চে সম্পন্ন হবে।
আদালত সূত্রে জানা গেছে, আগামী এপ্রিল ও মে মাসে বিভিন্ন তারিখে এসব আবেদনের ধারাবাহিক শুনানি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমিনুল হকের আবেদনটিও সেই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
এসআর
মন্তব্য করুন: