[email protected] বুধবার, ৪ মার্চ ২০২৬
২০ ফাল্গুন ১৪৩২

চাঁদাবাজ ও অস্ত্রধারীদের বিরুদ্ধে সারাদেশে অভিযান শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ মার্চ ২০২৬ ২:০০ পিএম

সংগৃহীত ছবি

চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের সঙ্গে জড়িত চিহ্নিত আসামিদের বিরুদ্ধে ঢাকাকে কেন্দ্র করে দেশব্যাপী বিশেষ অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (৪ মার্চ) সকালে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।


মন্ত্রী জানান, প্রথম ধাপে রাজধানী ঢাকা থেকে কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে চাঁদাবাজ, অস্ত্রধারী ও বিভিন্ন অপরাধে জড়িত দাগি আসামিদের একটি নিরপেক্ষ তালিকা প্রস্তুতের কাজ চলছে।

তালিকা চূড়ান্ত হলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।


তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। জনগণের সহযোগিতা কামনা করে তিনি আশ্বাস দেন যে, দ্রুত সময়ের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে।


স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ডিএমপি সদর দপ্তর পরিদর্শনের সময় অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার, উপকমিশনার (ডিসি), অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এবং রাজধানীর ৫০টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সঙ্গে তিনি মতবিনিময় করেছেন।

তাদের সমস্যার কথা শোনা হয়েছে এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।


তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা ও নাগরিকদের স্বস্তি নিশ্চিত করতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অতীতের রাজনৈতিক প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে তিনি দাবি করেন, সেই অবস্থা থেকে বেরিয়ে এসে জনগণের আস্থা পুনর্গঠনের প্রচেষ্টা চলছে।


মন্ত্রী বলেন, পুলিশকে জনগণের বন্ধু হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই কাজ করা হচ্ছে এবং বাহিনীর সদস্যরা এ বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। অতীতে কিছু ব্যক্তির কর্মকাণ্ডের দায় পুরো প্রতিষ্ঠানের ওপর বর্তায় না বলেও মন্তব্য করেন তিনি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর