[email protected] বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
১২ ফাল্গুন ১৪৩২

আ.লীগ নেতার জামিনে ক্ষোভ, বরিশালে আদালত বর্জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ৪:০০ পিএম

সংগৃহীত ছবি

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস- এর জামিন মঞ্জুরকে কেন্দ্র করে বরিশাল মহানগর আদালত বর্জনের ঘোষণা দিয়েছে জেলা আইনজীবী সমিতি।

মঙ্গলবার আদালতপাড়ায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন সমিতির নেতাকর্মীরা।

সোমবার তিনি বরিশাল অতিরিক্ত মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে বিচারক এস এম শরিয়ত উল্লাহ তার জামিন মঞ্জুর করেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা যায়।


জেলা আইনজীবী সমিতির বর্তমান নেতৃত্ব বিএনপিপন্থি আইনজীবীদের হাতে। তারা দাবি করেন, সংশ্লিষ্ট মামলাটি জামিন অযোগ্য এবং জামিন প্রদানের সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ।

বিচারকের অপসারণ ও জামিন আদেশ বাতিলের দাবিতে তারা মহানগরের সব আদালত বর্জনের ঘোষণা দেন। সকাল ১১টার দিকে আদালত এলাকায় বিক্ষোভ মিছিলও হয়।


জেলা যুবদলের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু বলেন, আত্মসমর্পণের পর রহস্যজনকভাবে জামিন দেওয়া হয়েছে।

একই আদালত থেকে আরও কয়েকজন আওয়ামী লীগ নেতা জামিন পাওয়ায় বিষয়টি নিয়ে আইনজীবীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। তবে দুপুর ২টার দিকে তিনি জানান, আইনজীবী সমিতি ও বিচারকদের মধ্যে আলোচনা চলছে; ফলে অনির্দিষ্টকালের আদালত বর্জনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।


মহানগর আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজিম উদ্দিন আলম বলেন, জামিনের বিরোধিতা করা হলেও বিচারকের আদেশের পর আর কিছু করার ছিল না।


আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কাইউম খান কায়সারের ভাষ্য অনুযায়ী, ইউনুসের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

নগরের ব্রাউন কম্পাউন্ড এলাকার এক ব্যক্তি ২০২৫ সালে কোতোয়ালি থানায় মামলাটি করেন।

এতে ২০১৭ সালে বিএনপির কর্মসূচিতে হামলার অভিযোগ আনা হয়। মামলায় ইউনুসকে হুকুমের আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।


উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা তালুকদার মো. ইউনুস ২০০৮ সালে বরিশাল-১ এবং ২০১৪ সালে বরিশাল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।


হঠাৎ আদালত বর্জনের ফলে বিচারপ্রার্থী সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর