২০২৪ সালের জুলাই-আগস্টের গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত সাবেক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল-এর আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি আজ। আজ মঙ্গলবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চের কার্যতালিকায় বিষয়টি শুনানির জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে, গত ১ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত শুনানির এই দিন ধার্য করেছিলেন। সেদিন রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন তৎকালীন চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম। তার ধারাবাহিকতায় মামলাটি আজ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আসে।
উল্লেখ্য, গত বছরের ১৫ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন দাখিল করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ডের রায় দিয়েছিল। রাষ্ট্রপক্ষ সেই সাজা বাড়িয়ে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড নিশ্চিত করতে আটটি সুনির্দিষ্ট যুক্তি উপস্থাপন করেছে।
২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এক ঐতিহাসিক রায়ে:
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল: একটি অভিযোগে মৃত্যুদণ্ড এবং অন্য অভিযোগে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেন।
চৌধুরী আবদুল্লাহ আল মামুন: পুলিশের সাবেক এই আইজি রাজসাক্ষী হিসেবে তথ্য-প্রমাণ দিয়ে সহযোগিতা করায় তাকে পাঁচ বছরের লঘুদণ্ড দেওয়া হয়।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন। তাদের অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম সম্পন্ন হয়েছে। আজ আপিল বিভাগে এই দণ্ড বৃদ্ধির আবেদনের ওপর গুরুত্বপূর্ণ শুনানি হতে যাচ্ছে।
এদিকে, সম্প্রতি সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে পরিবর্তন এনেছে। অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আমিনুল ইসলাম।
এসআর
মন্তব্য করুন: