ছাত্র-জনতার আন্দোলনের পর ৫ আগস্টের পরবর্তী সময়ে দায়ের হওয়া মামলাগুলো পুনরায় যাচাই-বাছাই করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, কোনো নিরীহ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং মামলাবাজির কারণে ভোগান্তিতে না পড়েন—এ বিষয়টি নিশ্চিত করতে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের আওতাধীন অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠকে পুলিশ প্রশাসনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
মন্ত্রী বলেন, পুলিশের কাজে রাজনৈতিক বা অন্য কোনো অবৈধ হস্তক্ষেপ সহ্য করা হবে না। বৈধ দায়িত্ব পালনে বাধা দিলে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে কিছু মামলা ব্যক্তিস্বার্থে বা সুবিধাবাদী উদ্দেশ্যে করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব মামলা খতিয়ে দেখে সরকারকে প্রতিবেদন দিতে পুলিশকে বলা হয়েছে।
এ ছাড়া অতীতে দেওয়া অস্ত্রের লাইসেন্সগুলোও পর্যালোচনা করা হবে জানিয়ে তিনি বলেন, যারা বৈধভাবে লাইসেন্স পেয়েছেন তাদেরটি বহাল থাকবে, তবে অনিয়ম প্রমাণিত হলে বাতিল করা হবে।
বৈধ অস্ত্র জমা না দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পুলিশের শূন্য পদ দ্রুত পূরণ করা হবে এবং নিয়োগ ও পদায়নে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। পাসপোর্ট সংক্রান্ত ভোগান্তি কমাতেও নতুন উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
আইনের শাসন প্রতিষ্ঠা ও প্রশাসনে জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এসআর
মন্তব্য করুন: