জুলাই জাতীয় সনদকে অবৈধ ও সংবিধানবিরোধী দাবি করে এর কার্যকারিতা স্থগিতের আবেদন জানিয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনস্বার্থে এ রিট আবেদন করেন।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐক্যমত কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কয়েকজনকে বিবাদী করা হয়েছে।
আবেদনকারী আইনজীবী জানান, আগামী সপ্তাহে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে।
এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে পৃথক একটি রিট করেন সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ।
সেই আবেদনে ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফলাফল বাতিলেরও প্রার্থনা করা হয়। উক্ত রিটে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে।
জানা গেছে, বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আগামী সপ্তাহে এ আবেদনের শুনানি হতে পারে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট সংখ্যাগরিষ্ঠতা পায়। আনুষ্ঠানিক ফলাফলে দেখা যায়, ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন ভোটার ‘হ্যাঁ’ ভোট দেন।
বিপরীতে ‘না’ ভোট পড়ে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি।
এসআর
মন্তব্য করুন: