নবনির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর সেনাবাহিনী ধাপে ধাপে ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।
তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির পূর্ণ নিয়ন্ত্রণ পুলিশ না নেওয়া পর্যন্ত সীমিত পরিসরে সেনাসদস্যরা সহায়ক ভূমিকা পালন করবেন বলেও তিনি উল্লেখ করেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আয়োজিত ‘সিএএস দরবার’-এ সেনাবাহিনীর সব স্তরের সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থানে কর্মরত সেনাসদস্যদের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত সদস্যরাও ভার্চুয়ালি অংশ নেন।
সেনাপ্রধান বলেন, সংবিধান ও বেসামরিক প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখেই সেনাবাহিনী সবসময় দায়িত্ব পালন করে আসছে এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে।
বক্তব্যের এক পর্যায়ে পবিত্র কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে তিনি ধৈর্য ও সংযমের গুরুত্ব তুলে ধরেন। সেনাসদস্যদের পেশাদারিত্ব বজায় রাখা এবং দায়িত্ব পালনে শৃঙ্খলাবোধ অটুট রাখার আহ্বান জানান তিনি।
নির্বাচনী দায়িত্ব পালনের সময় সেনাসদস্যদের ভূমিকার প্রশংসা করে সেনাপ্রধান বলেন, সংবেদনশীল সময়ে শৃঙ্খলা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে বাহিনী দেশের মানুষের আস্থা আরও সুদৃঢ় করেছে।
এসআর
মন্তব্য করুন: