আদালতের নির্দেশনা অমান্য করার অভিযোগে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার নির্বাহী
কর্মকর্তা (ইউএনও) মুশফিকীন নূরকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৬ ফেব্রুয়ারি তাকে সশরীরে আদালতে উপস্থিত হয়ে এই বিষয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতের শুনানিতে আবেদনকারীর পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট উজ্জ্বল হোসেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, জামালগঞ্জ উপজেলার ‘দুর্লভপুর নৌকাঘাট’ ইজারা পাওয়ার জন্য ইজারাদার ইয়াকবির হোসেন নির্ধারিত ৩ কোটি ৬২ লাখ টাকা পরিশোধ করেন। তবে অর্থ পরিশোধের পরেও তাকে ঘাটের দখল বুঝিয়ে না দেওয়ায় তিনি হাইকোর্টে রিট আবেদন করেন।
গত বছরের ৭ অক্টোবর আদালত এক আদেশে ১৫ দিনের মধ্যে নৌকাঘাটটি বুঝিয়ে দিতে সংশ্লিষ্ট ইউএনওকে নির্দেশ দেন। কিন্তু আদালতের নির্দিষ্ট সময়সীমা পার হওয়ার পরেও আদেশের কোনো কার্যকর প্রতিফলন না হওয়ায় ইজারাদার ওই কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেন।
আদালত অবমাননার মামলার রুল বিচারাধীন থাকাবস্থায় ওই ইউএনও ফের ওই একই নৌকাঘাটের জন্য নতুন করে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করেন। বিষয়টি উচ্চ আদালতের নজরে আনা হলে আদালত ক্ষোভ প্রকাশ করেন এবং ইউএনও মুশফিকীন নূরকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন। কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।
এসআর
মন্তব্য করুন: