দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী মো. নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিতের দাবিতে রিট আবেদন করা হয়েছে।
ঢাকা-১১ আসনে জাতীয় পার্টি (জাপা) সমর্থিত প্রার্থী শামীম আহমেদ সোমবার (৯ ফেব্রুয়ারি) সর্বোচ্চ আদালতে এ আবেদন করেন।
রিট আবেদনে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এবং মো. নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে।
আবেদনে উল্লেখ করা হয়, মো. নাহিদ ইসলাম ২০২৫ সালের ২০ এপ্রিল ক্যারিবীয় দ্বীপ রাষ্ট্র ডোমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেছেন, যা বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী সংসদ সদস্য পদে প্রার্থিতার ক্ষেত্রে প্রশ্ন তৈরি করে।
ঢাকা-১১ আসনটি গুলশান এলাকার ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১, ২২, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড এবং সবুজবাগ এলাকার ২৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৭৭ জন, নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ১৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।
এই আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপির এম এ কাইয়ুম, এনসিপির মো. নাহিদ ইসলাম, স্বতন্ত্র প্রার্থী কোহিনূর আক্তার বীথি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কাজী মো. শহীদুল্লাহ, গণফোরামের মো. আবদুল কাদের, গণঅধিকার পরিষদের মো. আরিফুর রহমান, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. জাকির হোসেন, ন্যাশনাল পিপলস্ পার্টির মো. মিজানুর রহমান, জাতীয় পার্টির শামীম আহমেদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ।
এসআর
মন্তব্য করুন: