গাজীপুরের আলোচিত পাতারটেক জঙ্গি নাটক ঘটনায় প্রথমবারের মতো আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন।
সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদসহ মোট ১০ জন কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ প্রসিকিউশনের পক্ষ থেকে এসব অভিযোগ জমা দেওয়া হয়।
অভিযোগ গৃহীত হওয়ার পর শুনানির তারিখ নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল।
মামলায় যাদের নাম এসেছে তাদের মধ্যে রয়েছেন— পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক ও জাবেদ পাটোয়ারী, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের তৎকালীন প্রধান মো. মনিরুল ইসলাম।
প্রসিকিউশন জানায়, দীর্ঘ তদন্ত শেষে তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদন জমা দেয়।
যাচাই-বাছাই শেষে সেই প্রতিবেদনের ভিত্তিতেই মঙ্গলবার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগে বলা হয়, অভিযুক্ত কর্মকর্তারা বিভিন্ন স্তরে সিদ্ধান্ত গ্রহণ ও অভিযানের বাস্তবায়নে সরাসরি সম্পৃক্ত ছিলেন।
প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, ২০১৬ সালে সংশ্লিষ্ট ঘটনায় একটি আইনশৃঙ্খলা বাহিনীর দল পূর্বপরিকল্পিতভাবে ভুয়া ‘জঙ্গি নাটক’ সাজিয়ে সাতজনকে হত্যা করে।
পরে ঘটনাটিকে সন্ত্রাসবিরোধী অভিযান হিসেবে প্রচার করা হয়। নিহতদের জঙ্গি হিসেবে উপস্থাপন করা হলেও তদন্তে দেখা যায়, তারা বিচারবহির্ভূত হত্যার শিকার হন এবং পুরো ঘটনাটি ছিল সাজানো।
নিহত সাতজনের একজন ইবরাহীম, যিনি যাত্রাবাড়ীর একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। পরিবারের দাবি অনুযায়ী, ইবরাহীম কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন না।
জুলাই গণঅভ্যুত্থানের পর বিচারবহির্ভূত হত্যা ও গুমের ঘটনায় নতুন করে অভিযোগ দায়েরের সুযোগ সৃষ্টি হলে ইবরাহীমের বাবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে ছেলের গুম ও হত্যার অভিযোগ করেন। সেই অভিযোগই পরবর্তীতে এই মামলার গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে ওঠে।
এসআর
মন্তব্য করুন: