ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট।
ফলে আসন্ন নির্বাচনে তার অংশগ্রহণে আর কোনো আইনি প্রতিবন্ধকতা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগ তুলে ১১ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এ রিট আবেদন করেন। তবে হাইকোর্ট আবেদনটি সরাসরি খারিজ করে দেন।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেন।
আদালতে রিটের পক্ষে আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা শুনানি করেন।
অপরদিকে, ড. এম এ কাইয়ুমের পক্ষে অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান এবং ব্যারিস্টার কাজী আক্তার হোসেন আদালতে যুক্তি উপস্থাপন করেন।
এর আগে সোমবার (২ ফেব্রুয়ারি) নাহিদ ইসলাম হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন।
আবেদনে ঢাকা-১১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিতের নির্দেশনা চাওয়া হয় এবং প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়।
নাহিদ ইসলামের পক্ষে অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা ও অ্যাডভোকেট আলী আজগর শরীফী রিটটি দায়ের করেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ইতোমধ্যে ঢাকা-১১ আসনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম—উভয়ের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে।
এসআর
মন্তব্য করুন: