[email protected] মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
১১ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের চুক্তি বৈধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬ ১০:৩৯ পিএম

সংগৃহীত ছবি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়াকে আইনসম্মত বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

এর মাধ্যমে এ চুক্তি বাস্তবায়নে আর কোনো আইনগত বাধা রইল না।

বৃহস্পতিবার বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে জারি করা রুল খারিজ করে রায় দেন।

আদালতে দায়ের করা রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, অ্যাডভোকেট আহসানুল করিম ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

এর আগে, গত ৪ ডিসেম্বর একই বিষয়ে হাইকোর্টের দ্বৈত বেঞ্চে ভিন্নমতপূর্ণ রায় আসে। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজীব চুক্তি প্রক্রিয়াকে অবৈধ মনে করলেও জুনিয়র বিচারপতি ফাতেমা আনোয়ার রিট খারিজ করে তা বৈধ ঘোষণা করেন। পরবর্তীতে প্রধান বিচারপতির নির্দেশে বিষয়টি নিষ্পত্তির জন্য একক বেঞ্চে পাঠানো হয়।

উল্লেখ্য, গত ৩০ জুলাই এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির প্রক্রিয়া কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—এ মর্মে রুল জারি করেছিলেন হাইকোর্ট। একই সঙ্গে ন্যায্য ও প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়া অপারেটর নিয়োগ কেন অবৈধ হবে না, তাও জানতে চাওয়া হয়।

বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইনের করা ওই রিটে নৌসচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিবাদী করা হয়। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে রিটটি দায়ের করা হয়েছিল।

সবশেষ রায়ে আদালত চুক্তি প্রক্রিয়াকে বৈধ ঘোষণা করায় এনসিটি পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণের পথে আইনগত জটিলতার অবসান হলো।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর