[email protected] সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
১১ ফাল্গুন ১৪৩২

শাজাহান খানের ছেলে আসিবুর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬ ৪:১৮ পিএম

সংগৃহীত ছবি

জুলাই আন্দোলনের সময় রাজধানীর বাড্ডা এলাকায় সংঘটিত এক হত্যাচেষ্টা মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের ছেলে ও মাদারীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আসিবুর রহমান খানকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৬ জানুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন।


আদালত সূত্র জানায়, গত ২০ জানুয়ারি বাড্ডা থানার তদন্ত কর্মকর্তা এসআই হারুন-অর-রশিদ আসিবুর রহমান খানকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

পরে শুনানির জন্য সোমবার দিন ধার্য করা হয়।


নির্ধারিত দিনে আসিবুর রহমান খানকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মোরশেদ হোসেন শাহীন গ্রেপ্তার না দেখানোর আবেদন জানান।

অন্যদিকে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন তাকে গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি উপস্থাপন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসিবুর রহমান খানকে মামলাটিতে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।


মামলার নথি অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে আফতাবনগর এলাকায় আন্দোলনে অংশ নেন আল আমিন নামের এক যুবক।

এ সময় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালিয়ে গুলিবর্ষণ করলে আল আমিন পায়ে গুলিবিদ্ধ হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।


এ ঘটনার প্রেক্ষিতে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৬ জনের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মামলা দায়ের করা হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর