আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, এবার প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে, যা দেশের নির্বাচন ইতিহাসে আগে কখনও দেখা যায়নি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আয়োজিত ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অতীতে যেখানে একটি ভোটকেন্দ্রে মাত্র একজন অস্ত্রধারী পুলিশ দায়িত্ব পালন করতেন, সেখানে এবার প্রতিটি কেন্দ্রে কমপক্ষে পাঁচজন অস্ত্রধারী সদস্য থাকবে। এর মধ্যে দুজন সশস্ত্র পুলিশ এবং তিনজন সশস্ত্র আনসার সদস্য দায়িত্বে থাকবেন।
গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে তিনজন সশস্ত্র পুলিশসহ মোট ছয়জন সশস্ত্র আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি প্রতিটি কেন্দ্রে লাঠিসহ ১০ জন নিরস্ত্র আনসার সদস্য দায়িত্ব পালন করবেন, যাদের মধ্যে নারী সদস্যও থাকবেন।
তিনি বলেন, এবারের জাতীয় নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। ভবিষ্যতের জন্য এটি একটি আদর্শ উদাহরণ হয়ে থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সব কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সততা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
নিরাপত্তা ব্যবস্থার নতুন দিক তুলে ধরে তিনি জানান, প্রথমবারের মতো নির্বাচন উপলক্ষে বডিওয়ার্ন ক্যামেরা ব্যবহার, ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপন, ড্রোন ও ডগ স্কোয়াড মোতায়েন করা হবে।
একই সঙ্গে প্রবাসী ভোটার, সরকারি কর্মকর্তা-কর্মচারী, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।
তিনি আরও জানান, এবারের নির্বাচনে প্রায় নয় লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন, যা সংখ্যার দিক থেকেও রেকর্ড। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনসিসি, স্কাউট ও গার্লস গাইড সদস্যরাও সহযোগী হিসেবে মাঠে থাকবেন।
দুই ধাপে বাহিনী মোতায়েন করা হবে, যার মধ্যে দ্বিতীয় ধাপে ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত টানা সাত দিন ভোটকেন্দ্রভিত্তিক দায়িত্ব পালন করা হবে।
অনুষ্ঠান শেষে দায়িত্ব পালনে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে সিআইডির বিভিন্ন স্তরের কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এসআর
মন্তব্য করুন: