পবিত্র ঈদুল আজহা কবে উদযাপিত হতে পারে—তা নিয়ে একটি সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক জ্যোতির্বিজ্ঞান গবেষণা সংস্থা শারজাহ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রনোমি হাব (এসএসএএইচ)।
তাদের বিশ্লেষণ অনুযায়ী, ২০২৬ সালে ঈদুল আজহা ২৭ মে পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এক আন্তর্জাতিক গণমাধ্যমে শুক্রবার (২৪ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ১৮ মে জিলহজ মাসের প্রথম দিন হতে পারে। সে হিসেবে ৯ জিলহজ বা আরাফার দিন পড়তে পারে ২৬ মে, আর পরদিন ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সংস্থাটির তথ্যে বলা হয়েছে, ১৭ মে রাত ১২টা ১৭ মিনিটে চাঁদের সংযোগ (conjunction) ঘটবে। ওই দিনটি ১৪৪৭ হিজরির জিলকদ মাসের ২৯তম দিন হিসেবে গণ্য হতে পারে। সূর্যাস্তের সময় চাঁদের বয়স প্রায় ১৮ ঘণ্টা ৩৯ মিনিট হবে এবং সূর্যাস্তের পর প্রায় ৫৭ মিনিট আকাশে দৃশ্যমান থাকার সম্ভাবনা রয়েছে। অনুকূল আবহাওয়ায় এ সময়ের মধ্যে খালি চোখেই চাঁদ দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এসএসএএইচের পরিচালক প্রফেসর হামিদ এম. কে. আল নাঈমি জানিয়েছেন, তাদের এই তথ্য ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট ফতোয়া কাউন্সিলের কাছে জমা দেওয়া হয়েছে, যাতে বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে চাঁদ দেখা প্রক্রিয়াকে সহায়ক করা যায়।
তবে সংস্থাটি স্পষ্ট করে জানিয়েছে, এই পূর্বাভাস কেবল জ্যোতির্বৈজ্ঞানিক বিশ্লেষণভিত্তিক। হিজরি মাসের সূচনা এবং ধর্মীয় উৎসবের চূড়ান্ত তারিখ নির্ধারণের দায়িত্ব সংশ্লিষ্ট দেশের ধর্মীয় ও সরকারি কর্তৃপক্ষের ওপরই নির্ভরশীল।
এসআর