ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার শরীরে প্রোস্টেট ক্যানসার শনাক্ত হওয়ার খবর প্রকাশ করেছেন। শুক্রবার বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন প্রকাশকালে ৭৬ বছর বয়সী
এই নেতা জানান, প্রায় দুই মাস আগে তার এই রোগ ধরা পড়েছিল। ইরান যেন এই অসুস্থতাকে কেন্দ্র করে কোনো ধরনের নেতিবাচক প্রচারণা চালানোর সুযোগ না পায়, সেজন্যই তিনি এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন বলে দাবি করেছেন।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরে প্রোস্টেট সংক্রান্ত একটি অস্ত্রোপচার করান নেতানিয়াহু। পরবর্তী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় চিকিৎসকেরা তার প্রোস্টেটে এক সেন্টিমিটারের চেয়েও ছোট আকারের একটি ম্যালিগন্যান্ট টিউমার শনাক্ত করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, টিউমারটি অত্যন্ত প্রাথমিক পর্যায়ের ছিল এবং এটি শরীরের অন্য কোনো অংশে ছড়িয়ে পড়েনি।
নেতানিয়াহু জানিয়েছেন, প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে টিউমারটি সফলভাবে অপসারণ করা হয়েছে এবং তিনি বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছেন। চিকিৎসকদের পক্ষ থেকেও জানানো হয়েছে যে, তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং অন্য কোনো জটিলতা নেই।
এসআর