বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালিকে সম্পূর্ণ নিরাপদ ও মাইনমুক্ত করতে প্রায় ছয় মাস সময় লাগবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। গত মঙ্গলবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের আর্মড সার্ভিস কমিটির
এক রুদ্ধদ্বার বৈঠকে পেন্টাগনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময়সীমার কথা জানান। এএফপি’র এক প্রতিবেদন থেকে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) এই তথ্য জানা গেছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এই প্রণালিতে বেশ কিছু জলমাইন পেতে রাখে। গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও মাইনগুলোর সঠিক অবস্থান জানা না থাকায় তা অপসারণ করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ওমান উপসাগর ও পারস্য উপসাগরের সংযোগস্থল এই ১৬৭ কিলোমিটার দীর্ঘ জলপথটি দিয়ে বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় এক-চতুর্থাংশ পরিবহন করা হয়।
মাইন আতঙ্কে এই পথে জাহাজ চলাচল সীমিত হয়ে পড়ায় বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। গত ১২ এপ্রিল থেকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকোম) হরমুজ প্রণালিতে মাইন অপসারণের কাজ শুরু করেছে। মাইনগুলো পুরোপুরি শনাক্ত ও নিষ্ক্রিয় করতে আগামী কয়েক মাস কাজ চালিয়ে যেতে হবে বলে ধারণা করছে মার্কিন প্রশাসন।
এসআর