মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা দেওয়ার মাত্র এক দিন পরেই ইরানের পতাকাবাহী তিনটি ট্যাংকার জাহাজ জব্দ করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড
(সেন্টকোম)। জাহাজগুলো হলো— ডিপ সি, সেভিন এবং দোরেনা। প্রতিটি জাহাজেই বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ছিল।
বাণিজ্যিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা 'মেরিন ট্রাফিক'-এর তথ্য অনুযায়ী, জাহাজগুলোকে ভারত মহাসাগরের এমন একটি এলাকা থেকে জব্দ করা হয়েছে যা ভারত, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কার কাছাকাছি। জাহাজগুলোর বিস্তারিত তথ্য নিম্নরূপ:
ডিপ সি: এটি একটি সুপারট্যাংকার, যা আংশিকভাবে তেলপূর্ণ ছিল। গত সপ্তাহে এটি মালয়েশিয়া উপকূলে অবস্থান করছিল।
সেভিন: এটিতে প্রায় ১০ লাখ ব্যারেল তেল ছিল, যা এর ধারণক্ষমতার ৬৫ শতাংশ। এক মাস আগে একে মালয়েশিয়া উপকূলে দেখা গিয়েছিল।
দোরেনা: এটি ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে সম্পূর্ণ লোডেড অবস্থায় ছিল। তিন দিন আগে একে ভারতীয় উপকূলের কাছে দেখা যায়।
গত ১১ এপ্রিল ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা ব্যর্থ হয়। এর পরিপ্রেক্ষিতে ১২ এপ্রিল প্রেসিডেন্ট ট্রাম্প ইরানি বন্দরগুলোতে অবরোধ আরোপ করেন। তিনি ঘোষণা দিয়েছিলেন যে, শান্তি চুক্তিতে না আসা পর্যন্ত কোনো ইরানি জাহাজ বন্দর ছাড়তে পারবে না এবং বাইরে থেকেও কোনো জাহাজ ইরানে প্রবেশ করতে পারবে না।
মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম) জানিয়েছে, এই অবরোধ জারির পর থেকে এ পর্যন্ত ইরানি বন্দর ছেড়ে আসা অন্তত ২৯টি জাহাজ ও নৌযানকে জোরপূর্বক বন্দরে ফেরত পাঠিয়েছে মার্কিন বাহিনী। জব্দকৃত এই তিনটি জাহাজও সেই অবরোধের অংশ হিসেবে আটক করা হয়েছে।
এসআর