দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হয়েছে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে এ তথ্য জানায়।
নির্ধারিত সময়েই বৈঠক শুরু হলেও আলোচনাকে ঘিরে বিভিন্ন মহলে শঙ্কা ও কৌতূহল রয়েছে।
পাকিস্তানের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্স-কে জানান, এই প্রক্রিয়ায় ইরান, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা চলছে।
তবে ইরান ও যুক্তরাষ্ট্র সরাসরি মুখোমুখি আলোচনায় বসেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, যদি দুই দেশ সরাসরি সংলাপে অংশ নেয়, তাহলে ১৯৭৯ সালের ইরানের ইসলামিক বিপ্লব-এর পর এটিই হবে উচ্চপর্যায়ের প্রথম সরাসরি আলোচনা।
এর আগে গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়।
সেই প্রেক্ষাপটেই আলোচনা এগিয়ে নিতে পাকিস্তান উদ্যোগ নেয় এবং তার ধারাবাহিকতায় বহুল আলোচিত এই বৈঠক শুরু হয়েছে।
এসআর