অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তানের পাশে দাঁড়াতে পূর্ণ আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছে সৌদি আরব। সম্প্রতি সৌদি অর্থমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল্লাহ আল-জাদানের ইসলামাবাদ সফরের মধ্য দিয়ে এই ঘোষণা আসে,
যা দুই দেশের দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।
সৌদি অর্থমন্ত্রীর এই সংক্ষিপ্ত সফরের মূল লক্ষ্য ছিল পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করা। বৈঠকে জানানো হয়, রিয়াদ কেবল সাময়িক সহায়তা নয়, বরং দীর্ঘমেয়াদী সহযোগিতার মাধ্যমে পাকিস্তানকে সংকটমুক্ত করতে আগ্রহী।
বিশেষ করে ঋণের পরিমাণ বাড়ানো, ক্রেডিট লাইনের প্রসার এবং তেল আমদানিতে বিশেষ আর্থিক সুবিধা প্রদানের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।
বর্তমান পরিস্থিতিতে ৫ বিলিয়ন ডলারের নতুন ঋণ এবং তেল আমদানিতে আর্থিক সুবিধার মেয়াদ আরও ৫ বছর বাড়ানোর প্রস্তাব দিয়েছে পাকিস্তান। চলতি মাসেই দেশটিকে প্রায় ৪.৮ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ পরিশোধ করতে হবে, যার বড় অংশই এরই মধ্যে পরিশোধ করা হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখতে সৌদি আরবের এই সময়োপযোগী সহযোগিতা পাকিস্তানের জন্য অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
সফরকালে সৌদি অর্থমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে পৃথক বৈঠক করেন।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য সৌদি বাদশাহ ও যুবরাজের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া বৈঠকে আঞ্চলিক রাজনীতি এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনা নিয়েও ইতিবাচক বার্তা বিনিময় হয়। আশা করা হচ্ছে, আসন্ন বিশ্বব্যাংক ও আইএমএফ-এর বৈঠকেও এই সহযোগিতার পরবর্তী ধাপগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
এসআর