মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্নের প্রভাবে আন্তর্জাতিক বাজারে আবারও জ্বালানি তেলের দাম বেড়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) এশিয়ার বাজারে লেনদেন শুরু হতেই ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৬ ডলার ৭৫ সেন্টে পৌঁছায়, যা আগের দিনের তুলনায় প্রায় ০.৮৭ শতাংশ বেশি।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ক্রুড তেলের দামও ১ শতাংশের বেশি বৃদ্ধি পায়।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতি বজায় থাকলেও লেবাননে ইসরাইলের হামলা অব্যাহত থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
এ অবস্থায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে ইরানের ভূমিকার সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অতিরিক্ত ফি আরোপের যেকোনো প্রচেষ্টা বন্ধেরও হুঁশিয়ারি দিয়েছেন।
অন্যদিকে, সাম্প্রতিক হামলার কারণে সৌদি আরবের তেল উৎপাদনেও বড় ধরনের প্রভাব পড়েছে।
দেশটির রাষ্ট্রীয় সূত্র জানিয়েছে, প্রতিদিন প্রায় ৬ লাখ ব্যারেল তেল উৎপাদন কমে গেছে। পাশাপাশি ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের মাধ্যমে তেল পরিবহনও দৈনিক প্রায় ৭ লাখ ব্যারেল কমেছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা অব্যাহত থাকলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আরও চাপ তৈরি হতে পারে।
এসআর