যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই ইরানের আকাশে সন্দেহজনক ড্রোন দেখা যাওয়ার ঘটনা ঘটেছে।
রাজধানী তেহরান ও আশপাশের আলবোর্জ প্রদেশে এ সময় জোরালো শব্দ শুনেছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার (৮ এপ্রিল) রাতের দিকে ড্রোন শনাক্ত হলে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, সন্দেহভাজন লক্ষ্যবস্তু প্রতিহত করতে প্রতিরক্ষা বাহিনী ইন্টারসেপ্টর নিক্ষেপ করে।
তবে এসব ড্রোনের উৎস বা কারা এগুলো পাঠিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঘোষণা আসে।
প্রায় এক মাস ধরে চলা উত্তেজনা ও সামরিক হামলার পর এই সমঝোতা হলেও পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি।
চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালী খোলা রাখার বিষয়টি নিয়ে অনিশ্চয়তা রয়েছে বলে জানা গেছে।
এদিকে ইসরায়েল লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে তাদের সামরিক তৎপরতা অব্যাহত রেখেছে।
দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও যেকোনো সময় পুনরায় সংঘাতে জড়ানোর প্রস্তুতির কথা আগেই জানিয়েছেন।
সাম্প্রতিক ড্রোনের এই ঘটনা যুদ্ধবিরতির মাঝেও অঞ্চলে উত্তেজনা বহাল থাকার ইঙ্গিত দিচ্ছে।
যদিও এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
এসআর