আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সোমবার (৩০ মার্চ) পশ্চিম ও পূর্ব মেদিনীপুরে ঝটিকা সফর করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলদা, পাঁশকুড়া পশ্চিম এবং ডেবরায় আয়োজিত বিশাল জনসভাগুলোতে
তিনি বিরোধী দল বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণাত্মক বক্তব্য পেশ করেন।
পাঁশকুড়ার সভায় মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বিজেপি ক্ষমতায় এলে সাধারণ মানুষের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করা হতে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, মানুষের মাছ-মাংস খাওয়ার মতো খাদ্যাভ্যাস এবং মতপ্রকাশের অধিকারও সংকুচিত হয়ে পড়ার ঝুঁকি রয়েছে। তাই প্রতিটি আসন রক্ষায় তিনি দলীয় কর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন।
নির্বাচনী বৈতরণী পার হতে মমতা নারীদের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, "আমি যদি যোদ্ধা হই, তবে রাজ্যের মায়েরা আমার সহযোদ্ধা।" ভোটকেন্দ্র পাহারা দেওয়া এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মহিলাদের সক্রিয় ভূমিকা পালনের ওপর তিনি জোর দেন।
বক্তব্যে তিনি কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তোলেন। পশ্চিমবঙ্গের প্রাপ্য অর্থ কেন আটকে রাখা হয়েছে—সেই প্রশ্ন তোলার পাশাপাশি তিনি অভিযোগ করেন যে, রাজনৈতিক উদ্দেশ্যে কেন্দ্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করা হচ্ছে।
মমতা বন্দ্যোপাধ্যায় ভোটারদের সচেতন করে বলেন, বাংলার সংস্কৃতি ও স্বতন্ত্র ঐতিহ্য বজায় রাখতে বর্তমান সরকারকে পুনরায় ক্ষমতায় আনা জরুরি। তিনি দাবি করেন, বিপুল অর্থবল নিয়ে বিরোধীরা নামলেও সাধারণ মানুষের সমর্থনই হবে আসল শক্তি।
এসআর
মন্তব্য করুন: