[email protected] শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
১২ চৈত্র ১৪৩২

ওয়াল স্ট্রিট জার্নালের খবর

দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প!

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬ ১২:৪৫ এএম

সংগৃহীত ছবি

কয়েক সপ্তাহের মধ্যে ইরানের সঙ্গে চলমান সংঘাত শেষ করতে চান বলে নিজের সহযোগীদের জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এক প্রতিবেদনে দাবি করা হয়, সাম্প্রতিক দিনগুলোয় ব্যক্তিগত আলাপচারিতায় ট্রাম্প তার সহযোগীদের বলেছেন, ইরানে দীর্ঘ মেয়াদে যুদ্ধ এড়াতে চান তিনি।

 

ট্রাম্প মনে করেন, এই সংঘাত এখন ‘শেষ পর্যায়ে’ রয়েছে এবং জনসমক্ষে তিনি যে চার থেকে ছয় সপ্তাহের সময়সীমা উল্লেখ করেছিলেন, কর্মকর্তাদের সে অনুযায়ী কাজ করার নির্দেশ দিয়েছেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট তার সহযোগীদের বলেছেন, ইরানের এই সংঘাত তাকে অন্যান্য অগ্রাধিকারমূলক কাজ থেকে বিচ্যুত করছে। তার ঘনিষ্ঠ উপদেষ্টাদের কেউ কেউ চান, তিনি মার্কিন ভোটারদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়ানো সবচেয়ে জরুরি সমস্যাগুলোর ওপর নজর দিন। এসব সমস্যার মধ্যে রয়েছে এই সংঘাতের ফলে দ্রব্যমূল্য বেড়ে যাওয়া।

সংশ্লিষ্ট কিছু ব্যক্তির বরাত দিয়ে পত্রিকাটি আরও জানিয়েছে, হোয়াইট হাউস মে মাসের মাঝামাঝি সময়ে ট্রাম্পের চীন সফরের প্রস্তুতি নিচ্ছে। ধারণা করা হচ্ছে, সেই বৈঠক শুরু হওয়ার আগেই যুদ্ধ শেষ হবে।

এদিকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার দাবি করেছেন যে, ইরানের সামরিক বাহিনীকে অনেকাংশেই নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) তিনি ইরানের নেতাদের সম্পর্কে বলেন, ‘তারা বোকা নন, নির্দিষ্ট কিছু দিক থেকে তারা অত্যন্ত বুদ্ধিমান এবং তারা চমৎকার আলোচক।’

‘আমি বলি তারা জঘন্য লড়াকু, কিন্তু চমৎকার আলোচক,’ উল্লেখ করে ট্রাম্প আরও যোগ করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘নির্ধারিত সময়ের চেয়ে অনেক এগিয়ে’ আছে, যা শুরুতে চার থেকে ছয় সপ্তাহ স্থায়ী হওয়ার কথা ছিল।

তিনি বলেন, ‘আমরা ইরানকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছি। তারা পরাজিত; তারা আর ঘুরে দাঁড়াতে পারছে না। এখন তাদের সামনে একটি চুক্তি করার সুযোগ আছে, তবে সেটি তাদের ওপরই নির্ভর করছে।’

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর