কলম্বিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।
এতে উল্লেখযোগ্য সংখ্যক হতাহতের আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে তৈরি হারকিউলিস সি-১৩০ মডেলের কার্গো বিমানটিতে প্রায় ১১০ জন সেনাসদস্য ছিলেন।
তারা একটি সামরিক মিশনের অংশ হিসেবে ভ্রমণ করছিলেন।
কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ জানান, পেরু সীমান্ত সংলগ্ন আমাজন অঞ্চলের পুয়ের্তো লেগুইজামো এলাকা থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি দুর্ঘটনার শিকার হয়।
তিনি আরও বলেন, এখনো নিহতের সুনির্দিষ্ট সংখ্যা কিংবা দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধারকাজ চলমান রয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, দুর্ঘটনাস্থলটি নিকটবর্তী একটি জনবসতি থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে অবস্থিত।
এদিকে বিমান নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, এর আগে ফেব্রুয়ারির শেষ দিকে বলিভিয়ায় একই ধরনের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনা ঘটে। সেই দুর্ঘটনায় ২০ জনের বেশি নিহত এবং আরও অন্তত ৩০ জন আহত হয়েছিলেন।
এসআর
মন্তব্য করুন: