যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে সাম্প্রতিক আলোচনা ইতিবাচক হওয়ায় দেশটির বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে সম্ভাব্য হামলার পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
সোমবার (২৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি বলেন, গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে অগ্রগতি দেখা যাচ্ছে।
এর প্রেক্ষিতে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন, আগামী পাঁচ দিন ইরানের বিদ্যুৎ কেন্দ্র বা জ্বালানি স্থাপনায় কোনো ধরনের হামলা না চালাতে। তবে এই সিদ্ধান্ত চলমান আলোচনার অগ্রগতির ওপর নির্ভর করবে বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার আল্টিমেটাম দেন। অন্যথায় বিদ্যুৎ অবকাঠামোতে হামলার হুঁশিয়ারি দেন।
এ অবস্থায় পাল্টা প্রতিক্রিয়ায় ইরান জানায়, প্রয়োজনে তারা ইসরায়েল ও উপসাগরীয় আরব দেশগুলোর সেইসব স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে পারে, যেগুলো মার্কিন ঘাঁটিতে বিদ্যুৎ সরবরাহ করে।
তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনার কথা বলা হলেও, এ বিষয়ে ইরান আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চয়তা দেয়নি। বরং সাম্প্রতিক দিনগুলোতে দেশটি বলে আসছে, ওয়াশিংটনের সঙ্গে তারা কোনো ধরনের আলোচনা করতে আগ্রহী নয়।
এসআর
মন্তব্য করুন: