[email protected] রবিবার, ২৯ মার্চ ২০২৬
১৫ চৈত্র ১৪৩২

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে আতঙ্কে ইউরোপ: আইডিএফ-এর সতর্কতা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২২ মার্চ ২০২৬ ১০:৫৩ এএম

ইরান থেকে প্রায় ৪ হাজার কিলোমিটার দূরে ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়ায় অবস্থিত ব্রিটিশ-আমেরিকান সামরিক ঘাঁটিতে সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রচেষ্টার পর

 বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এই ঘটনার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সতর্ক করে জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্রের আওতা এখন ইউরোপের কেন্দ্রস্থল পর্যন্ত বিস্তৃত।

​শনিবার (২১ মার্চ) ইসরায়েলের চিফ অব স্টাফ আইয়াল জামির এক ব্রিফিংয়ে জানান, ডিয়েগো গার্সিয়ায় হামলার চেষ্টা প্রমাণ করে যে বার্লিন, প্যারিস এবং রোমের মতো ইউরোপীয় রাজধানীগুলো এখন তেহরানের ব্যালিস্টিক অস্ত্রের সরাসরি নাগালে রয়েছে। এতদিন ইরান তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা ২ হাজার কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রাখার যে দাবি করে আসছিল, এই ঘটনা তাকে মিথ্যা প্রমাণ করেছে।

​ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার (২০ মার্চ) ইরান দুটি মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। যদিও কোনোটিই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে ক্ষেপণাস্ত্রের ৪ হাজার কিলোমিটার পাল্লা পশ্চিমা প্রতিরক্ষা কর্মকর্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ওপেন-সোর্স ইন্টেলিজেন্স বিশ্লেষকদের মতে, মধ্য ইরান থেকে উৎক্ষেপণ করা সাড়ে ৪ হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র তাত্ত্বিকভাবে পুরো ইউরোপ মহাদেশের যেকোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম।

​এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দাবি করেছিলেন, তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা কেবল প্রতিরক্ষা ও প্রতিরোধের স্বার্থে ২ হাজার কিলোমিটারের নিচে রাখা হয়েছে। তবে বর্তমান পরিস্থিতি বলছে, ইরান তাদের প্রকৃত সামরিক সক্ষমতা আড়াল করে রেখেছিল অথবা তাদের মহাকাশ কর্মসূচির আড়ালে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রযুক্তি তৈরি করেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর