ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়াকে লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।
ইরান থেকে প্রায় চার হাজার কিলোমিটার দূরের এ লক্ষ্যবস্তুতে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো শেষ পর্যন্ত আঘাত হানতে পারেনি।
মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, স্থানীয় সময় শুক্রবার সকালে এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়।
কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ ঘাঁটি
ভারত মহাসাগরের মাঝামাঝি অবস্থানে থাকা দিয়েগো গার্সিয়া চাগোস দ্বীপপুঞ্জের বৃহত্তম দ্বীপ। দূরবর্তী অবস্থান এবং নিরাপত্তাজনিত কারণে এখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। সামরিকভাবে এটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি হিসেবে বিবেচিত।
এ ঘাঁটি থেকে দীর্ঘপাল্লার বোমারু বিমান যেমন বি-৫২ ও বি-২ স্পিরিট পরিচালিত হয়। পাশাপাশি এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মাঝামাঝি অবস্থানের কারণে পুরো ভারত মহাসাগর অঞ্চলে নজরদারি ও সামরিক তৎপরতার জন্য এটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়।
সম্প্রতি যুক্তরাজ্য ঘাঁটিটি নির্দিষ্ট সামরিক কার্যক্রমে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রকে অনুমতি দেয়। বিশেষ করে মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা মোকাবিলায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে ধারণা করা হচ্ছে।
যুদ্ধের বিস্তার নিয়ে উদ্বেগ- বিশ্লেষকদের মতে, এত দূরের একটি লক্ষ্যবস্তুতে হামলার চেষ্টা ইরানের সামরিক সক্ষমতার একটি বার্তা। একই সঙ্গে এটি চলমান উত্তেজনাকে নতুন মাত্রা দিতে পারে।
আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত বিশ্লেষণে বলা হয়, যুদ্ধের ভৌগোলিক বিস্তৃতি বাড়তে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা আরও কঠিন হয়ে উঠবে।
নতুন নতুন অঞ্চল ঝুঁকির মধ্যে পড়ায় সামরিক কৌশল পুনর্বিবেচনার প্রয়োজন হতে পারে।
বিশেষজ্ঞদের ধারণা, সরাসরি শক্তির লড়াইয়ে না গিয়ে ইরান বরং এমন পদক্ষেপ নিচ্ছে, যা প্রতিপক্ষের জন্য যুদ্ধের খরচ ও ঝুঁকি বাড়িয়ে দেয়।
এর ফলে সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কাও দেখা দিচ্ছে।
এসআর
মন্তব্য করুন: