লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ছোড়া একটি রকেট ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর সাফেদে সরাসরি আঘাত হেনেছে। শনিবার (২১ মার্চ) বিকেলের এই হামলায় শহরের একটি প্রধান
সড়ক ও পার্শ্ববর্তী কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। রকেটটি জনবহুল এলাকায় আঘাত হানার পরপরই পুরো অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় প্রশাসন জরুরি অবস্থা জারি করে।
ইসরায়েলি সংবাদমাধ্যম 'দ্য টাইমস অব ইসরায়েল'-এর তথ্যমতে, উদ্ধারকারী সংস্থাগুলো নিশ্চিত করেছে যে এই হামলায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা গুরুতর আহতের ঘটনা ঘটেনি। তবে হামলার পরপরই নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ শুরু করে।
মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভয়াবহ সংঘাতের মাঝে হিজবুল্লাহর এই হামলা নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, উত্তরের এই সীমান্ত সংঘাত পুরো অঞ্চলের অস্থিরতাকে আরও উসকে দিতে পারে। হিজবুল্লাহর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি না আসলেও, বিশ্লেষকদের মতে এটি সীমান্তে ইসরায়েলি সামরিক তৎপরতার একটি পাল্টা জবাব।
এসআর
মন্তব্য করুন: