যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জার্মানিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। শুক্রবার (২০ মার্চ) দেশটির
বিভিন্ন শহরের মসজিদ, খোলা মাঠ ও হলরুমে প্রবাসী বাংলাদেশিরাসহ স্থানীয় মুসলিমরা একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেন। এক মাস সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে আসা এই উৎসবে প্রতিটি জামাতেই ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়।
রাজধানী বার্লিনের বায়তুল মোকাররম মসজিদে অনুষ্ঠিত ঈদের জামাতে অংশগ্রহণ করেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জুলকার নাইন। অন্যদিকে, ফ্রাঙ্কফুর্টের মুন্সেনার স্ট্রাসে মাওলানা আবু বকর সিদ্দিকের পরিচালনায় অনুষ্ঠিত জামাতে আত্মগঠন ও রমজানের শিক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া মাইঞ্জ শহরের 'মসজিদ আত তাকওয়া', ওফেনবাখ, ডার্মস্ট্যাড এবং মানহাইমসহ জার্মানির প্রধান শহরগুলোতে উৎসবমুখর পরিবেশে ঈদের নামাজ আদায় করা হয়েছে।
মিউনিখ, ডর্টমুন্ড ও হামবুর্গের বিভিন্ন মসজিদেও প্রবাসী বাংলাদেশিরা একে অপরের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। প্রতিটি জামাত শেষে মোনাজাতে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। প্রবাসের কর্মব্যস্ত জীবনের মাঝেও এই উদযাপন প্রবাসীদের মধ্যে এক টুকরো বাংলাদেশের আবহ তৈরি করে।
এসআর
মন্তব্য করুন: