উপসাগরীয় অঞ্চলে চলমান সংঘাতের প্রেক্ষাপটে কুয়েত সাময়িকভাবে তাদের আকাশপথ বন্ধ করে দেওয়ায় সেখানে অবস্থানরত বাংলাদেশিরা বিপাকে পড়েছেন।
তবে এ পরিস্থিতিতে দেশে ফেরার জন্য একটি বিকল্প ব্যবস্থা চালু হয়েছে।
কুয়েতে থাকা যেসব বাংলাদেশি জরুরি প্রয়োজনে দেশে ফিরতে চান, তারা এখন স্থলপথে সৌদি আরবে প্রবেশ করে সেখান থেকে বিমানে বাংলাদেশে যেতে পারবেন।
বুধবার (১৮ মার্চ) কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
দূতাবাস জানায়, এই সুবিধা নিতে হলে সৌদি আরবের ভিজিট বা ট্রানজিট ভিসা থাকা বাধ্যতামূলক। ট্রানজিট ভিসার ক্ষেত্রে সৌদি আরবে প্রবেশের পর সর্বোচ্চ চার দিনের মধ্যে দেশ ত্যাগ করতে হবে। ভিসার জন্য অনলাইনে ‘ksavisa.sa’ ওয়েবসাইটে আবেদন করা যাবে।
এছাড়া সৌদি আরবে যাওয়ার আগে সেখান থেকে বাংলাদেশগামী ফ্লাইটের টিকিট নিশ্চিত করতে হবে। শুধুমাত্র জরুরি প্রয়োজনে দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসীদের জন্যই এই বিশেষ ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানিয়েছে দূতাবাস।
আগ্রহীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ দূতাবাসে আবেদন জমা দিতে হবে। আবেদন যাচাই শেষে সৌদি আরবে প্রবেশের অনুমোদন নিয়ে সংশ্লিষ্টদের জানানো হবে। এরপর নিজ উদ্যোগে কুয়েত-সৌদি সীমান্তে গিয়ে ইমিগ্রেশন সম্পন্ন করতে হবে।
২১ মার্চ থেকে কর্মদিবসে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দূতাবাসে যোগাযোগ করা যাবে। ছুটির দিনেও সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্ধারিত কক্ষে আবেদন জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে
এসআর
মন্তব্য করুন: