ইরানের অবরোধের মুখে বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালি সচল করতে
আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে অধিকাংশ মিত্র দেশের কাছ থেকে আশানুরূপ সাড়া না পাওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।
ট্রাম্প সতর্ক করে বলেছেন, দীর্ঘ সময় ধরে নিরাপত্তা দিয়ে আসা দেশগুলো যদি এই সংকটে এগিয়ে না আসে, তবে 'ন্যাটো'র ভবিষ্যৎ অন্ধকার হতে পারে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি চীন, ফ্রান্স, জাপান, যুক্তরাজ্য ও দক্ষিণ কোরিয়াকে এই অঞ্চলে যুদ্ধজাহাজ পাঠানোর অনুরোধ জানান, যাতে নৌ-চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধার করা যায়।
ট্রাম্পের এই আহ্বানে বিশ্বনেতাদের প্রতিক্রিয়া মিশ্র। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে প্রণালিটি খোলা রাখার গুরুত্ব স্বীকার করা হলেও জানানো হয়েছে যে, এটি ন্যাটোর কর্মপরিধির বাইরে। জার্মানি এবং জাপান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, এই মুহূর্তে সেখানে যুদ্ধজাহাজ পাঠানোর কোনো পরিকল্পনা তাদের নেই।
অন্যদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার মিত্রদের সাথে একটি কার্যকর যৌথ পরিকল্পনার কথা বললেও অস্ট্রেলিয়া কোনো জাহাজ পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে। চীন কোনো সরাসরি সামরিক পদক্ষেপের প্রতিশ্রুতি না দিয়ে সকল পক্ষকে উত্তেজনা পরিহার ও বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতা রক্ষার পরামর্শ দিয়েছে।
এসআর
মন্তব্য করুন: