মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইনে আটকে পড়া প্রবাসী বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী তারা সৌদি আরবের দাম্মাম বিমানবন্দর হয়ে ঢাকায় ফিরতে পারবেন।
রোববার (১৫ মার্চ) মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, দূতাবাসের সমন্বয়ে গালফ এয়ারের মাধ্যমে দাম্মাম থেকে ঢাকাগামী একটি বিশেষ ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করা হয়েছে। এই ফ্লাইটে আগ্রহী প্রবাসী বাংলাদেশিরা দেশে ফেরার সুযোগ পাবেন।
দূতাবাস জানিয়েছে, দেশে ফিরতে ইচ্ছুকদের অবশ্যই দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া গুগল ফরমের মাধ্যমে নিবন্ধন করতে হবে। তবে আসন বরাদ্দের বিষয়টি সম্পূর্ণভাবে গালফ এয়ার কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
সম্ভাব্য যাত্রার তারিখ আগামী ২০ মার্চ অথবা এর কাছাকাছি কোনো দিন নির্ধারণ করা হতে পারে। প্রতি আসনের ভাড়া আনুমানিক ৩০০ বাহরাইনি দিনার ধরা হয়েছে।
এই ফ্লাইটে যাত্রীদের জন্য ২৩ কেজি ওজনের একটি চেকড ব্যাগেজ এবং একটি হ্যান্ড ব্যাগ বহনের সুযোগ থাকবে। বাহরাইন থেকে সৌদি আরবের দাম্মাম পর্যন্ত বাসে যাতায়াত এবং প্রয়োজনীয় সৌদি ট্রানজিট ভিসার খরচও উল্লিখিত ভাড়ার মধ্যেই অন্তর্ভুক্ত থাকবে।
টিকিট নিশ্চিত হলে সংশ্লিষ্ট যাত্রীদের সঙ্গে গালফ এয়ার কর্তৃপক্ষ সরাসরি যোগাযোগ করবে বলেও জানানো হয়েছে।
আগ্রহী বাংলাদেশি নাগরিকদের আগামী সোমবার (১৬ মার্চ) সকাল ১০টার মধ্যে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
এসআর
মন্তব্য করুন: