[email protected] শনিবার, ১৪ মার্চ ২০২৬
২৯ ফাল্গুন ১৪৩২

খামেনির স্ত্রীর মৃত্যুর খবর গুজব, তিনি জীবিত—ইরানি গণমাধ্যম

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬ ১:১৭ এএম

সংগৃহীত ছবি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ বাগেরজাদেহ জীবিত আছেন বলে জানিয়েছে দেশটির বিপ্লবী গার্ড-ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ফার্স নিউজ।

সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সূত্রে তার মৃত্যুর যে খবর ছড়িয়েছে, তা সত্য নয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) প্রকাশিত প্রতিবেদনে ফার্স নিউজ জানায়, খামেনির স্ত্রী মারা গেছেন—এমন দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই। এসব খবরকে ভিত্তিহীন বলেও আখ্যা দিয়েছে তারা।


সম্প্রতি ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি প্রথমবারের মতো একটি বিবৃতি দেন। সেখানে তিনি তার মায়ের মৃত্যুর বিষয়ে কোনো মন্তব্য না করায় বিষয়টি নতুন করে আলোচনায় আসে।


এর আগে চলমান সংঘাতের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে খবর প্রকাশিত হয়। পরবর্তীতে কিছু প্রতিবেদনে দাবি করা হয়, একই হামলায় তার স্ত্রীও প্রাণ হারিয়েছেন।


তবে ফার্স নিউজের দাবি, মানসুরেহ খোজাস্তেহ বাগেরজাদেহ এখনো জীবিত রয়েছেন এবং তার মৃত্যুর খবর সঠিক নয়।
খামেনির স্ত্রী দীর্ঘদিন ধরেই জনসম্মুখে খুব কম উপস্থিত হয়েছেন।

ব্যক্তিগত জীবন গোপন রাখার কারণে তিনি ইরানের শাসক পরিবারের অন্যতম নীরব সদস্য হিসেবে পরিচিত।


এদিকে স্থানীয় কিছু গণমাধ্যম জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের শুরুর দিন হওয়া হামলায় খামেনির পরিবারের কয়েকজন সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে পুত্রবধূ, জামাতা, মেয়ে এবং নাতি-নাতনিও থাকতে পারেন বলে দাবি করা হয়েছে।


অন্যদিকে নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম জনসম্মুখের বক্তব্যে যুদ্ধে নিহত ইরানিদের রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন।

রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে প্রচারিত ওই বক্তব্যে তিনি তেহরানের অবস্থান তুলে ধরেন এবং হরমুজ প্রণালী বন্ধ থাকার বিষয়টিও উল্লেখ করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর