[email protected] সোমবার, ৯ মার্চ ২০২৬
২৫ ফাল্গুন ১৪৩২

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হলেন মোজতবা খামেনি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৯ মার্চ ২০২৬ ৯:৩৩ এএম

ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন প্রয়াত আয়াতুল্লাহ আলি

 খামেনির দ্বিতীয় পুত্র মোজতবা হোসেইনি খামেনি। রোববার (৮ মার্চ) দিবাগত রাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়।

ইরানের সংবিধান অনুযায়ী, ৮৮ জন ধর্মীয় স্কলারের সমন্বয়ে গঠিত 'অ্যাসেম্বলি অব এক্সপার্টস' নতুন সুপ্রিম লিডার নির্বাচনের দায়িত্ব পালন করে। সাম্প্রতিক ভোটাভুটিতে তারা মোজতবা খামেনিকে এই পদের জন্য মনোনীত করেন। নাম ঘোষণার পরপরই ইরানের শক্তিশালী সামরিক বাহিনী রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) নতুন নেতার প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে নিজ বাসভবনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় নিহত হন সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। সেই হামলায় তার পরিবারের আরও কয়েকজন সদস্য ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা প্রাণ হারান। এরপর থেকেই উত্তরাধিকার হিসেবে মোজতবা খামেনির নাম আলোচনায় ছিল।

৫৬ বছর বয়সী মোজতবা খামেনি এর আগে কোনো সরকারি বা নির্বাচিত পদে দায়িত্ব পালন করেননি। তবে তার বাবার শাসনামলে দেশটির অভ্যন্তরীণ রাজনীতি এবং সামরিক বাহিনীর ওপর তার ব্যাপক প্রভাব ছিল। বিশেষ করে আইআরজিসি-র সঙ্গে তার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

ইরানের এই সিদ্ধান্তের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন যে, মোজতবা খামেনির নেতৃত্ব তাদের কাছে গ্রহণযোগ্য হবে না। ট্রাম্প দাবি করেছিলেন যে, ইরানের নেতা নির্বাচনের প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা থাকা প্রয়োজন। তবে ওয়াশিংটনের এমন দাবি উপেক্ষা করেই তেহরান তাদের নতুন নেতার নাম ঘোষণা করল।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর