ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে আটক করা হয়েছে।
পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) রোববার (৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এসটিএফের বক্তব্য অনুযায়ী, গোপন সূত্রে তারা জানতে পারে—বাংলাদেশে চাঁদাবাজি ও হত্যাসহ একাধিক গুরুতর অপরাধে জড়িত দুই বাংলাদেশি নাগরিক দেশ থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। পরে তারা পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকায় অবস্থান নিচ্ছে এবং সুযোগ পেলে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করতে পারে।
এই তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭), যার বাড়ি পটুয়াখালীতে এবং আলমগীর হোসেন (৩৪), যার বাড়ি ঢাকায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওসমান হাদি হত্যার পর তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এরপর ভারতের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকার পর সম্প্রতি আবার বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে বনগাঁ এলাকায় অবস্থান নেন।
পশ্চিমবঙ্গ এসটিএফ জানায়, শনিবার (৭ মার্চ) রাতে বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় এসটিএফ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে হাজির করা হয়েছে। বর্তমানে পুলিশি হেফাজতে রেখে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
এদিকে পশ্চিমবঙ্গের কয়েকটি পুলিশ সূত্র ও স্থানীয় সাংবাদিকদের দাবি, বনগাঁ এলাকা থেকে গত বছরের ২৯ ডিসেম্বরই তাদের আটক করা হয়েছিল। তবে বিষয়টি সম্প্রতি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বাংলাদেশের তদন্ত সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তাও জানিয়েছেন, এই দুই ব্যক্তি আগে থেকেই আটক ছিলেন বলে তাদের কাছে তথ্য ছিল।
এসআর
মন্তব্য করুন: