[email protected] শনিবার, ৭ মার্চ ২০২৬
২৩ ফাল্গুন ১৪৩২

ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি, উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ মার্চ ২০২৬ ৫:১৯ পিএম

সংগৃহীত ছবি

ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান।

দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা কয়েকটি ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে ছোড়া হয়েছে।


শুক্রবার (৬ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলার ঘটনার পরও এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। একই সময়ে তেল আবিব শহর লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর পাওয়া গেছে।


লাইভ সম্প্রচারে তেল আবিবের আকাশে একাধিক ক্ষেপণাস্ত্রের গতিপথ দেখা গেছে। তবে সেগুলো ঠেকাতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ইন্টারসেপ্টর ব্যবহার করে প্রতিরোধের চেষ্টা চালায়। স্থানীয় কয়েকটি গণমাধ্যমের দাবি, অন্তত পাঁচটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে।


এদিকে ইরানকে কেন্দ্র করে চলমান সামরিক অভিযানের সময়সীমা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানেও কিছু পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। আগে নির্দিষ্ট সময়ের কথা বললেও এখন আর নির্দিষ্ট সময়সীমার কথা বলছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযান শুরু করে। পরদিন সাংবাদিকদের ট্রাম্প জানিয়েছিলেন, প্রায় চার সপ্তাহের মধ্যেই এই অভিযান শেষ হওয়ার আশা করছেন তিনি।
পরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগেসেথ বলেন, সংঘাতের সময়সীমা আট সপ্তাহ পর্যন্ত গড়াতে পারে। তবে সম্প্রতি ব্রিটিশ সাময়িকী টাইমকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প জানান, অভিযানের জন্য এখন আর কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি।


তার ভাষায়, যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য হলো—ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে এবং তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিও সীমিত করা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর