বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম-এর সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।
বৈঠক শেষে তিনি সংক্ষেপে বলেন, আলোচনা ফলপ্রসূ ও ইতিবাচক হয়েছে।
বুধবার (৪ মার্চ) রাজধানীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পল কাপুর আলোচনার বিষয়বস্তু নিয়ে বিস্তারিত কিছু না জানালেও সামগ্রিক পরিবেশকে ‘ভালো’ বলে মন্তব্য করেন।
সাংবাদিকরা তার কাছে বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত দুইটি চুক্তি- আকসা (Acquisition and Cross-Servicing Agreement) এবং জিসোমিয়া (General Security of Military Information Agreement) — নিয়ে অগ্রগতির বিষয়ে জানতে চান। তবে তিনি এ প্রসঙ্গে নির্দিষ্ট কোনো মন্তব্য করেননি। সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়ে তিনি মন্ত্রণালয় ত্যাগ করেন।
সফরসূচি অনুযায়ী, পল কাপুর আজ অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-এর সঙ্গে পৃথক বৈঠক করবেন।
এছাড়া ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও নৈশভোজে অংশ নেওয়ার কর্মসূচিও রয়েছে তার।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর-এর সঙ্গে বৈঠকের কথা রয়েছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি।
সফরের শেষ কর্মসূচি হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত ইফতার অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে মার্কিন এই কর্মকর্তা’র।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, দায়িত্ব গ্রহণের পর এটিই পল কাপুরের প্রথম বাংলাদেশ সফর। ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও জোরদার করাই তার সফরের মূল লক্ষ্য বলে জানা গেছে। মঙ্গলবার রাতে তিনি ঢাকায় পৌঁছান।
এসআর
মন্তব্য করুন: