মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে।
নিহত আবুল মহসিন তারেক (৪৮) চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের পাহাড়ের গো মসজিদ এলাকার বাসিন্দা। একই ঘটনায় আরও দুই বাংলাদেশি আহত হয়েছেন।
কূটনৈতিক সূত্র জানায়, সোমবার স্থানীয় সময় সকালে রাজধানী মানামার উপকূলসংলগ্ন একটি সামুদ্রিক এলাকায় কর্মরত অবস্থায় এ ঘটনা ঘটে।
একটি ড্রাইডক শিপইয়ার্ডে দায়িত্ব পালনকালে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি জাহাজের ওপর আছড়ে পড়লে তারেক ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত দুই বাংলাদেশিকেও একই কর্মস্থলে দায়িত্বে থাকা অবস্থায় আহত হন।
বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার প্রবাসী বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, নিহত তারেক প্রায় ২৭ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন এবং পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে নিয়মিত দেশে অর্থ পাঠাতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমেও নিশ্চিত করা হয়েছে।
এদিকে আগের দিন সংযুক্ত আরব আমিরাতে পৃথক এক ক্ষেপণাস্ত্র হামলায় আরেক বাংলাদেশির মৃত্যু হয় বলে সেদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
ওই ঘটনায় বিভিন্ন দেশের নাগরিকসহ বেশ কয়েকজন হতাহত হন।
আঞ্চলিক উত্তেজনার জেরে উপসাগরীয় অঞ্চলে পাল্টাপাল্টি সামরিক তৎপরতা চলমান রয়েছে।
সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে বহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হয়েছে। ধ্বংসাবশেষ পড়ে কিছু এলাকায় বেসামরিক সম্পদের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া গেছে।
কর্তৃপক্ষ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়ে গুজব এড়িয়ে কেবল সরকারি সূত্রের তথ্য অনুসরণ করার আহ্বান জানিয়েছে।
এসআর
মন্তব্য করুন: