মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে। দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের
মিনাব শহরে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫১ জন শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার সকালে ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই আকস্মিক ও যৌথ হামলার খবর পাওয়া যায়।
স্থানীয় কর্মকর্তা মোহাম্মদ রাদমের জানিয়েছেন, মিনাব শহরের ওই বালিকা বিদ্যালয়ে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। হামলার সময় সেখানে ১৭০ জনের বেশি শিক্ষার্থী অবস্থান করছিল। উদ্ধার অভিযান এখনো চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এর আগে নিহতের সংখ্যা ২৪ বলা হলেও সর্বশেষ তথ্যে তা ৫১ জনে পৌঁছেছে।
ইরানের পাল্টা আঘাত ও আঞ্চলিক উত্তেজনা
এই হামলার পরপরই ইরান কঠোর সামরিক জবাব দিতে শুরু করেছে। ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (IRGC) এবং ইরানের সেনাবাহিনী মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
জর্ডান: জর্ডান সরকার জানিয়েছে, তাদের আকাশসীমায় প্রবেশ করা দুটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে।
সংযুক্ত আরব আমিরাত: উপসাগরীয় দেশগুলোতেও ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে আমিরাতে একজনের নিহতের খবর পাওয়া গেছে।
ইরান দাবি করেছে, এই হামলা তাদের সার্বভৌমত্বের ওপর চরম আঘাত এবং তারা এর শেষ দেখে ছাড়বে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাবি করেছে তারা ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে এই 'প্রতিরক্ষামূলক' হামলা চালিয়েছে। তবে একটি বেসামরিক স্কুলে এত বিপুল সংখ্যক শিশুর মৃত্যু আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দার ঝড় তুলেছে।
এসআর
মন্তব্য করুন: