[email protected] মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
১১ ফাল্গুন ১৪৩২

অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ চায় না বাংলাদেশ - পররাষ্ট্র মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ৭:০৮ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ নিজের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সক্ষম এবং এ বিষয়ে কোনো বিদেশি হস্তক্ষেপ কাম্য নয় - এমন অবস্থান পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের প্রভাব গ্রহণের প্রশ্নই ওঠে না; তবে সব দেশের সঙ্গে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।


পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি বিদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু হয়েছে।

এসব আলোচনায় সরকারের বৈদেশিক নীতির মূল দিকনির্দেশনা তুলে ধরা হয়েছে। তিনি জানান, সরকারের মূল প্রতিপাদ্য ‘বাংলাদেশ ফার্স্ট’—অর্থাৎ জাতীয় স্বার্থ ও মর্যাদাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।


তিনি আরও বলেন, বাংলাদেশের নীতি হবে পারস্পরিক সম্মান, জাতীয় মর্যাদা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়া। কোনো দেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না—এ নীতিতে বাংলাদেশ বিশ্বাস করে।


ড. খলিলুর রহমান জানান, ইতোমধ্যে সৌদি আরব, চীন, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন-এর রাষ্ট্রদূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। এসব বৈঠকে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে বাংলাদেশের নতুন সরকারের প্রতি আস্থা এবং ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহের কথা জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।


পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, আঞ্চলিক ও বৈশ্বিক পরিমণ্ডলে বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে আরও গভীর ও কার্যকর সম্পর্ক গড়ে তুলতে পারবে বাংলাদেশ। একই সঙ্গে তিনি বলেন, ভবিষ্যতে নির্দিষ্ট ইস্যুতে বিস্তারিত আলোচনা হবে এবং একটি গতিশীল ও কার্যকর বৈদেশিক নীতি বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর