[email protected] সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
১০ ফাল্গুন ১৪৩২

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারত, পাকিস্তান ও চীনের দূতদের পৃথক বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২:৪৪ এএম

সংগৃহীত ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারত, পাকিস্তান ও চীনের কূটনীতিকরা সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত পৃথক বৈঠকগুলোতে তাঁকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানানো হয় এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বৈঠকে দুই দেশের সহযোগিতা সম্প্রসারণে বেইজিংয়ের আগ্রহের কথা তুলে ধরেন।

তিনি জানান, দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গভীর করতে চীনের নেতৃত্ব বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করতে চায়।

জবাবে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-চীন সমন্বিত কৌশলগত অংশীদারত্বকে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় চীনের কার্যকর ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় চীনের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে তাঁকে বেইজিং সফরের আমন্ত্রণ জানানো হয়।

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা নতুন সরকারের সঙ্গে সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে নয়াদিল্লির প্রস্তুতির কথা উল্লেখ করেন। পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক স্বার্থ ও সম্মানের ভিত্তিতে ভারসাম্যপূর্ণ ও দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন।

দুই পক্ষ নিয়মিত সংলাপ ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত হন। এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের পক্ষ থেকে দিল্লি সফরের আমন্ত্রণ জানানো হয়।


অন্যদিকে, পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারও নতুন সরকারের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।

পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ এশিয়ার দেশগুলোর জনগণের উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে আঞ্চলিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন এবং সম্ভাবনাময় নতুন ক্ষেত্র চিহ্নিত করে যৌথভাবে কাজ করার আহ্বান জানান। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর