যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump-এর মালিকানাধীন অবকাশকেন্দ্র Mar-a-Lago-তে গভীর রাতে এক ব্যক্তির অনুপ্রবেশের চেষ্টাকে ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
নিরাপত্তা বাহিনীর গুলিতে ওই সন্দেহভাজন ব্যক্তি নিহত হয়েছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম Reuters জানায়, স্থানীয় সময় রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে ফ্লোরিডার West Palm Beach এলাকায় অবস্থিত রিসোর্টটির উত্তর ফটকের কাছে এক ব্যক্তিকে সন্দেহজনক আচরণ করতে দেখা যায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তার হাতে শটগানের মতো একটি অস্ত্র এবং একটি জ্বালানিভর্তি ক্যান ছিল।
এক বিবৃতিতে United States Secret Service জানায়, নিরাপত্তাকর্মীরা ওই ব্যক্তিকে থামানোর চেষ্টা করলে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে তারা গুলি চালায়। ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। তার উদ্দেশ্য সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনার সময় ট্রাম্প ওয়াশিংটনে অবস্থান করছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে White House তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে Trump International Golf Club-এও নিরাপত্তা সংক্রান্ত একটি ঘটনা ঘটে। সে সময় ঝোপের আড়ালে অস্ত্র তাক করে থাকা এক ব্যক্তিকে শনাক্ত করে সিক্রেট সার্ভিস। পরে তাকে গ্রেপ্তার করা হয় এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আদালত তাকে ট্রাম্পকে হত্যাচেষ্টার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
এ ছাড়া ২০২৪ সালের জুলাইয়ে পেনসিলভানিয়ার Butler শহরে এক নির্বাচনী সমাবেশে ট্রাম্পের ওপর গুলি চালানোর ঘটনা ঘটে। হামলায় এক ব্যক্তি নিহত ও দুজন গুরুতর আহত হন। হামলাকারী ঘটনাস্থলেই নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়। ট্রাম্পও ওই ঘটনায় কানে আঘাত পান।
ঘটনাগুলোকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এসআর
মন্তব্য করুন: