বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়ে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।
বার্তায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে। গণতন্ত্র, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে তিনি প্রত্যাশা করেন।
তিনি উল্লেখ করেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ভবিষ্যতে শিক্ষা, প্রযুক্তি ও সবুজ জ্বালানি খাতে যৌথ উদ্যোগ বাড়ানোর বিষয়ে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানও শুভেচ্ছা বার্তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, যুক্তরাজ্যের সঙ্গে অংশীদারিত্বমূলক সম্পর্ক আরও গভীর করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বাণিজ্য বৃদ্ধি, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং জলবায়ু সহনশীল অবকাঠামো গঠনে যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, যুক্তরাজ্যে বসবাসরত বৃহৎ বাংলাদেশি প্রবাসী সম্প্রদায় দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করেছে বলে কূটনৈতিক মহল মনে করছে।
এসআর
মন্তব্য করুন: