কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে একটি স্কুলে বন্দুকধারীর হামলায় অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে বুধবার (১১ ফেব্রুয়ারি) এ তথ্য জানা যায়।
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানায়, টাম্বলার রিজ শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে। তাকে স্কুল ভবনের ভেতর মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি নিজেই নিজের জীবন নেন।
বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের ভেতর থেকে একাধিক মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। পাশাপাশি ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে একটি বাড়ি থেকে আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে।
পুলিশ জানিয়েছে, দুজনকে আশঙ্কাজনক অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় চিকিৎসাকেন্দ্রে প্রায় ২৫ জনকে বিভিন্ন আঘাতের জন্য চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পরপরই শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনী স্কুল কর্তৃপক্ষের সহায়তায় পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় আগে জারি করা ‘শেল্টার-ইন-প্লেস’ নির্দেশ প্রত্যাহার করা হয়েছে। পুলিশ বলছে, বর্তমানে এলাকায় আর কোনো তাৎক্ষণিক হুমকি নেই।
এসআর
মন্তব্য করুন: