আন্তর্জাতিক শেয়ারবাজারে দরপতন ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা চলমান থাকায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন।
এর প্রভাব পড়েছে বিশ্ববাজারে স্বর্ণের দামে, যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে আন্তর্জাতিক স্পট মার্কেটে স্বর্ণের মূল্য প্রায় ২ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ৮৯৩ দশমিক ৫৯ ডলারে দাঁড়ায়।
একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে এপ্রিল মাসে ডেলিভারির জন্য নির্ধারিত গোল্ড ফিউচারসের দামও বেড়েছে। এ ক্ষেত্রে মূল্য ০ দশমিক ৫ শতাংশ বাড়িয়ে প্রতি আউন্স ৪ হাজার ৯১৪ দশমিক ১০ ডলারে লেনদেন হয়েছে।
অন্যদিকে, রুপার বাজারেও বড় উত্থান দেখা গেছে। স্পট মার্কেটে রুপার দাম ৪ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৭৪ দশমিক ৩৭ ডলারে পৌঁছেছে। সাপ্তাহিক হিসাবে স্বর্ণের দাম সামান্য বেড়লেও রুপার ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। গত সপ্তাহে বড় দরপতনের পর চলতি সপ্তাহে রুপার দাম ১২ শতাংশের বেশি কমেছে, যা ২০১১ সালের পর এক সপ্তাহে সবচেয়ে বড় পতন হিসেবে বিবেচিত হচ্ছে।
মূল্যবান ধাতুর তালিকায় প্লাটিনামের দাম ০ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৯৯৯ দশমিক ১৫ ডলারে দাঁড়িয়েছে। একই সঙ্গে প্যালাডিয়ামের মূল্য ৩ দশমিক ৫ শতাংশ বাড়িয়ে প্রতি আউন্স ১ হাজার ৬৭৩ দশমিক ০৯ ডলারে লেনদেন হচ্ছে।
এদিকে দেশের বাজারে বর্তমানে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম নির্ধারিত হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪২ হাজার ৯০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৪১১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: