ভারতে ভিসা নিতে আগ্রহীদের জন্য অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় নতুন নিয়ম কার্যকর করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে এই নতুন অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের কার্যক্রম শুরু হয়।
আইভ্যাক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে নতুন সিস্টেমে সাইনআপের সুযোগ চালু করা হয়।
এরপর একই দিন সন্ধ্যা ৬টা থেকে অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং উন্মুক্ত করা হয়। বর্তমানে ৮ ফেব্রুয়ারির জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাচ্ছে।
নতুন নিয়ম অনুযায়ী, প্রতিদিনের অ্যাপয়েন্টমেন্ট স্লট আগের দিন সন্ধ্যা ৬টা থেকে পাওয়া যাবে। তবে স্লট বুক করতে চাইলে আবেদনকারীকে অবশ্যই ওই দিন বিকেল সাড়ে ৫টার মধ্যে সাইনআপ সম্পন্ন করে প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে আপলোড করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে এই প্রক্রিয়া শেষ না হলে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সুযোগ মিলবে না।
এর আগে আইভ্যাক এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন এই অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের লিংক অফিসিয়াল আইভিএসি ওয়েবসাইটে দেওয়া হয়েছে। আগামী রোববারসহ পরবর্তী সব তারিখের অ্যাপয়েন্টমেন্ট শুধুমাত্র এই নতুন প্ল্যাটফর্মের মাধ্যমেই বুক করতে হবে।
আইভ্যাক কর্তৃপক্ষ আবেদনকারীদের ভুয়া বা অবৈধ উপায়ে নেওয়া অ্যাপয়েন্টমেন্ট স্লট এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে। সাইনআপের সময় ভিসা আবেদনে ব্যবহৃত ইমেইল ঠিকানাই ব্যবহার করতে হবে।
সাইনআপ প্রক্রিয়ায় আবেদনকারীর ইমেইলে একটি ওটিপি এবং মোবাইল নম্বরে আরেকটি ওটিপি পাঠানো হবে। উভয়টি যাচাই শেষে সাইনআপ সম্পন্ন হবে।
সাইনআপ শেষ হলে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। এতে আবেদনকারীর তথ্য স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমে সংরক্ষিত হবে। সন্ধ্যা ৬টায় স্লট চালু হলে পুনরায় লগইন করে পরবর্তী দিনের জন্য নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট নির্বাচন করা যাবে।
প্রয়োজনে একবার অ্যাপয়েন্টমেন্ট স্লট পরিবর্তনের সুযোগ থাকবে। স্লট নিশ্চিত হওয়ার পর ভিসার ধরন অনুযায়ী নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।
এসআর
মন্তব্য করুন: