কলম্বিয়ায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে দেশটির একজন সংসদ সদস্যসহ মোট ১৫ জন নিহত হয়েছেন।
বুধবার স্থানীয় সময় দুপুরের দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটি ছিল কলম্বিয়ার রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সাতেনার পরিচালিত একটি বিচক্র্যাফট ১৯০০ মডেলের টুইন-প্রপেলার বিমান। এটি ভেনেজুয়েলা সীমান্তবর্তী শহর কুকুটা থেকে ওকানা শহরের উদ্দেশে যাত্রা করেছিল। বিমানে দুজন ক্রু ও ১৩ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে কলম্বিয়ার সংসদ সদস্য দিওজেনেস কুইনতেরোও ছিলেন।
ওকানার আকাশসীমায় প্রবেশের পর বিমানটির সঙ্গে কন্ট্রোল টাওয়ারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিছুক্ষণ পর বিমানটি পাহাড়ি এলাকায় আছড়ে পড়ে বিস্ফোরিত হয়। এতে বিমানে থাকা কেউই বেঁচে নেই বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনাস্থলটি আবহাওয়ার দিক থেকে ঝুঁকিপূর্ণ একটি এলাকা, যেখানে হঠাৎ আবহাওয়ার পরিবর্তন ঘটে। অঞ্চলটি কলম্বিয়া-ভেনেজুয়েলা সীমান্তের কাছাকাছি এবং সেখানে ইএলএন নামে পরিচিত একটি সশস্ত্র গোষ্ঠীর প্রভাব রয়েছে। তবে এই দুর্ঘটনার পেছনে কোনো নাশকতার প্রমাণ এখনো পাওয়া যায়নি।
নিহতদের মরদেহ ও ধ্বংসাবশেষ উদ্ধারে কলম্বিয়ার বিমান বাহিনীর একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে দেশটির সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে।
এসআর
মন্তব্য করুন: