দেশের তিন বিভাগে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে ময়মনসিংহ বিভাগ, বরিশাল বিভাগ ও সিলেট বিভাগ-এ এসব মৃত্যু ঘটে। তথ্যটি জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বরিশালে সর্বোচ্চ দুই শিশুর মৃত্যু হয়েছে। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এই দুই শিশুর মৃত্যু হয়। আগের দিনও একই ধরনের উপসর্গে আরও দুইজনের মৃত্যু হয়েছিল। ফলে বিভাগটিতে এ পর্যন্ত হামের উপসর্গ ও শনাক্ত মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জানায়, গত একদিনে নতুন করে ৬৫ শিশুকে সরকারি হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে ভর্তি রয়েছে ১১০ জন। চলতি বছরে এ বিভাগে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১,১৯০ জন, যার মধ্যে ৫৭ জনের ক্ষেত্রে রোগটি নিশ্চিত হয়েছে।
অন্যদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে আগে থেকেই কিছু জটিল শারীরিক সমস্যায় ভুগছিল বলে চিকিৎসকেরা জানিয়েছেন। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে আরও ২০ শিশুকে ভর্তি করা হয়েছে। মার্চের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৩৪৪ শিশু, যাদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৭২ জন।
সিলেট-এও এক দিনের ব্যবধানে আরও একটি শিশুর মৃত্যু হয়েছে। সাত মাস বয়সী ওই শিশু সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর ফলে বিভাগটিতে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনে।
স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোতে চিকিৎসা ও পর্যবেক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
এসআর