[email protected] শনিবার, ১১ এপ্রিল ২০২৬
২৭ চৈত্র ১৪৩২

গবেষণা

৬৬ শতাংশ যুবক জানেন না শরীরে ডায়াবেটিস রয়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬ ১২:৪৬ পিএম

সংগৃহীত ছবি

একসময় ডায়াবেটিসকে মূলত প্রাপ্তবয়স্কদের রোগ হিসেবে বিবেচনা করা হলেও এখন তা শিশু, কিশোর ও তরুণদের মধ্যেও দ্রুত বাড়ছে।

সাম্প্রতিক একাধিক গবেষণায় দেখা গেছে, কম বয়সেই টাইপ–১ ও টাইপ–২ ডায়াবেটিসের বিস্তার জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগ হয়ে উঠেছে।

দেশে ১০ থেকে ৩৪ বছর বয়সি কিশোর ও তরুণদের ওপর পরিচালিত এক গবেষণায় দেখা যায়, ১৮.৪ শতাংশ প্রি-ডায়াবেটিস অবস্থায় রয়েছে, অর্থাৎ তারা উচ্চ ঝুঁকিতে। একই সঙ্গে ৪.৫ শতাংশ ইতোমধ্যে টাইপ–২ ডায়াবেটিসে আক্রান্ত।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—আক্রান্তদের প্রায় ৬৬.৩ শতাংশই জানেন না যে তারা এই রোগ বহন করছেন।


গবেষণাটি পরিচালনা করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়-এর এন্ডোক্রাইনোলজি বিভাগ।

এতে দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ২,৩০০ জন তরুণ অংশ নেন। ফলাফলে দেখা যায়, শহরাঞ্চলে ডায়াবেটিসের হার গ্রামাঞ্চলের তুলনায় বেশি এবং বয়স বাড়ার সঙ্গে ঝুঁকিও বাড়ে।


ঝুঁকির প্রধান কারণ হিসেবে উঠে এসেছে—শারীরিক পরিশ্রমের অভাব, তামাক ব্যবহার, অতিরিক্ত ওজন, উচ্চ রক্তচাপ এবং রক্তে চর্বির মাত্রা বৃদ্ধি।


এছাড়া নারীদের ক্ষেত্রেও উদ্বেগজনক চিত্র পাওয়া গেছে। এক গবেষণায় দেখা যায়, প্রায় ১৮ শতাংশ নারী গর্ভকালীন ডায়াবেটিসে ভুগছেন এবং ২.৭ শতাংশের ক্ষেত্রে গর্ভাবস্থায় প্রথমবার রোগটি শনাক্ত হয়। মোট হিসেবে প্রায় ২০.৭ শতাংশ গর্ভধারণে রক্তে অতিরিক্ত গ্লুকোজ পাওয়া গেছে, যা মা ও শিশুর জন্য ঝুঁকিপূর্ণ।


অন্যদিকে, ৬.৯ শতাংশ নারী পলিসিস্টিক ওভারি সিনড্রোমে (পিসিওএস) আক্রান্ত, যা হরমোনজনিত একটি সাধারণ সমস্যা। এর ফলে অনিয়মিত মাসিক, অতিরিক্ত লোম, ব্রণ, ওজন বৃদ্ধি ও বন্ধ্যাত্বের মতো সমস্যা দেখা দিতে পারে।


বিশেষজ্ঞরা বলছেন, ইনসুলিন হরমোনের ঘাটতি বা কার্যকারিতা কমে গেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় এবং সেখান থেকেই ডায়াবেটিসের সৃষ্টি। অনিয়ন্ত্রিত অবস্থায় এটি হৃদরোগ, কিডনি জটিলতা, স্ট্রোকসহ নানা গুরুতর রোগের ঝুঁকি বাড়ায়।


গবেষকদের মতে, তরুণদের মধ্যে আগেভাগে ডায়াবেটিস শনাক্ত করা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর জীবনযাপন নিশ্চিত করা এখন সময়ের দাবি।

এসআর

সম্পর্কিত খবর